কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে গত রাতে বিশাল এক বার্তায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কুইরোজ। বিদায় বেলায় ঘানাকে নিয়ে আবেগী বার্তা দিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘হয় জিতবেন না হয় কিছু শিখবেন—জীবন আর ফুটবল আমাদের এই চিরন্তন শিক্ষা দেয়। ঘানার উদ্দেশ্যে বলতে চাই। গর্ব নিয়ে সফর শেষ করছি। নির্দিষ্ট কোনো উচ্চতায় ওঠাকে শেষ গন্তব্য ধরে নেওয়া ঠিক নয়। বরং, সেখান থেকেই নতুন স্বপ্নের শুরু হওয়া উচিত।’

মার্চের আন্তর্জাতিক বিরতির পর অটো আদ্দোকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। এপ্রিলে কুইরোজ স্বল্পমেয়াদি চুক্তিতে ঘানার প্রধান কোচ হয়েছিলেন। তাঁর অধীনে ঘানা গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশে ওঠে ঘানা। তবে গত পরশু কানসাসে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে আগেভাগেই পথচলা থেমে যায় আফ্রিকার দলটির।

কুইরোজের মতে ঘানার ফুটবলের এখনো অনেক দূর যাওয়া বাকি। ইনস্টাগ্রামে গত রাতে তিনি লিখেছেন, ‘ব্ল্যাক স্টার্সের ভবিষ্যৎ শুধু মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করে না। মাঠের বাইরে থেকেই গড়তে হবে সাফল্যের ভিত্তি। ঘানার প্রতিভাবান ফুটবলার তৈরি করার পাশাপাশি তাদের আগলে রাখতে হবে। সঠিকভাবে বিকশিত হওয়ার জন্য ভালো পরিবেশ নিশ্চিত করতে হবে। গর্ব নিয়েই এই পথচলা শেষ করছি। তবে মনে এক ধরনের অতৃপ্তি রয়ে গেছে, যা মানুষকে আরও বড় কিছু করার তাগিদ দেয়।’

পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মিসরের মতো জাতীয় দলের পাশাপাশি রিয়াল মাদ্রিদ, স্পোর্তিং সিপির মতো ক্লাবের কোচ ছিলেন কুইরোজ। তাঁর অধীনে রিয়াল ২০০৩ সালে স্প্যানিশ সুপার কাপ জেতে। এবার ঘানা ৪ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে শেষ বত্রিশে ওঠে। একটি করে ম্যাচ জিতেছে, হেরেছে ও ড্র করেছে দলটি। যার মধ্যে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে চমকে দেয় ঘানা। তবে শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর আফ্রিকার দলটির সঙ্গে কুইরোজের সম্পর্কও শেষ হয়ে গেল।