বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু মাঠের সাফল্যের জন্যই নন, তার বিলাসবহুল জীবনযাপনও সমান আলোচনায় থাকে। বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার হিসেবে পরিচিত এই পর্তুগিজ অধিনায়কের সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ হাজার ৫০০ কোটি টাকা।
বিশ্বের নানা প্রান্তে তার রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি, যেখানে আছে সিনেমা হল, টেনিস কোর্ট, সুইমিং পুল, ফুটবল মাঠ, স্পা, অত্যাধুনিক জিম থেকে শুরু করে দামি গাড়ির বিশাল গ্যারেজ। পর্তুগাল, স্পেন, ইতালি ও সৌদি আরব মিলিয়ে অন্তত সাতটি প্রাসাদ রয়েছে তার সংগ্রহে।
পর্তুগালের ‘ক্রাউন জুয়েল’
পর্তুগালের কুইন্টা ডি মারিনহা এলাকায় অবস্থিত এই প্রাসাদকে রোনালদোর ভবিষ্যতের স্থায়ী ঠিকানা বলেই মনে করছেন অনেক ভক্ত। প্রায় ৩৫০ কোটি টাকা মূল্যের এই বাড়ি থেকে দেখা যায় আটলান্টিক মহাসাগরের মনোমুগ্ধকর দৃশ্য।
প্রাসাদটিতে রয়েছে আটটি শয়নকক্ষ, যার মধ্যে রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের জন্য বিশেষভাবে সাজানো একটি বিলাসবহুল স্যুট রয়েছে। এছাড়া সিনেমা হল, স্পা, ম্যাসাজ রুম, টেনিস কোর্ট এবং কাচে নির্মিত বিশাল সুইমিং পুল এই বাড়ির অন্যতম আকর্ষণ। পুলের নিচে রয়েছে আন্ডারওয়াটার ওয়াকওয়ে। দামি গাড়িগুলোর জন্য তৈরি করা হয়েছে বিশাল আন্ডারগ্রাউন্ড গ্যারেজ।
লিসবনের বিলাসবহুল পেন্টহাউস
লিসবনের অন্যতম ব্যয়বহুল আবাসন এটি। প্রায় ৮০ কোটি টাকা মূল্যের এই পেন্টহাউসের সবচেয়ে বড় আকর্ষণ কাচে ঘেরা ছাদ, যেখান থেকে পুরো শহরের দৃশ্য এক নজরে দেখা যায়। নিজের পছন্দ অনুযায়ী সাজানো এই বাড়িতে রয়েছে অত্যাধুনিক হোম থিয়েটার, উন্নত প্রযুক্তির জিম এবং ভেতরে ও বাইরে দুটি সুইমিং পুল।
মাদ্রিদের অভিজাত প্রাসাদ
রিয়াল মাদ্রিদে খেলার সময় এই প্রাসাদ নির্মাণ করেন রোনাল্ডো। শহরের অভিজাত এলাকায় অবস্থিত বাড়িটির নকশা করেছেন বিখ্যাত স্থপতি জোয়াকিন তোরেস। প্রাসাদটিতে রয়েছে সাতটি শয়নকক্ষ ও নয়টি বাথরুম। প্রতিটি কক্ষের নকশায় রয়েছে ভিন্নধর্মী স্থাপত্যশৈলী। প্রায় ৬১ কোটি টাকা মূল্যের এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ ৩২ হাজার বর্গফুটের ব্যক্তিগত ফুটবল অনুশীলন মাঠ।
মারবেলার ছুটির ভিলা
স্পেনের মারবেলায় অবকাশ যাপনের জন্য প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে চার বেডরুমের এই ভিলা কিনেছেন রোনালদো। ভিলার সামনে রয়েছে ভূমধ্যসাগরমুখী বড় সুইমিং পুল, যার চারপাশে রয়েছে এলইডি আলোর ব্যবস্থা। পাশাপাশি রয়েছে ব্যক্তিগত জিম ও সিনেমা হল।
তুরিনের পাহাড়ঘেরা রাজপ্রাসাদ
ইতালির তুরিন শহরে আল্পস পর্বতমালার পাদদেশে পাশাপাশি দুটি ভিলা মিলিয়ে তৈরি হয়েছে রোনালদোর বিশাল আবাসন। সবুজ বাগান আর পাহাড়ে ঘেরা এই প্রাসাদে রয়েছে আটটি শয়নকক্ষ। এছাড়া ব্যক্তিগত ফুটবল অনুশীলনের মাঠ, বিলাসবহুল স্পা এবং দামি গাড়ির জন্য বড় গ্যারেজও রয়েছে।
রিয়াদের অভিজাত ভিলা
সৌদি আরবের রাজধানী রিয়াদেও রয়েছে রোনালদোর একটি বিলাসবহুল ভিলা। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীতে নির্মিত এই বাড়িতে আছে সাতটি শয়নকক্ষ, নয়টি বাথরুম এবং দুটি সুইমিং পুল।
শিশুদের জন্য আলাদা খেলার মাঠ ও বড় বাগানও রয়েছে। জর্জিনা রদ্রিগেজের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে প্রায়ই এই বাড়ির জমকালো বসার ঘর ও অভিজাত অন্দরসজ্জার ঝলক দেখা যায়। একসময় শোনা গিয়েছিল, এই ভিলা ভাড়া দিতে চান রোনাল্ডো। সেখানে থাকতে হলে মাসে গুনতে হবে প্রায় ৮ লাখ টাকা।
জন্মভূমি মাদেইরার সাততলা বাড়ি
নিজের জন্মস্থান পর্তুগালের মাদেইরায় রোনালদো নির্মাণ করেছেন প্রায় সাততলা একটি প্রাসাদ, যেখান থেকেও উপভোগ করা যায় আটলান্টিক মহাসাগরের অপরূপ দৃশ্য। ছাদে রয়েছে দুটি সুইমিং পুল। এছাড়া তার ক্যারিয়ারের ট্রফি ও স্মারক সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে বিশেষ গ্যালারি। বিলাসবহুল স্পা ও আধুনিক জিমও এই বাড়ির অন্যতম আকর্ষণ।
রোনালদোর এই সাতটি প্রাসাদ শুধু তার সম্পদেরই নয়, বরং বিলাসিতা, আধুনিক স্থাপত্য এবং ব্যক্তিগত রুচিরও এক অনন্য উদাহরণ। ফুটবল মাঠের বাইরেও তার জীবন যে কতটা রাজকীয়, এসব আবাসনই তার সবচেয়ে বড় প্রমাণ।
জেএস/








