নাহিদ রানা বোলিংয়ে আসবেন আর সংবাদের শিরোনাম হবেন না, তা যেন অসম্ভব একটি বিষয়। এবার জিম্বাবুয়ের বিপক্ষে তিনি খেলতে নামলেন হারারে স্পোর্টস ক্লাব মাঠে এবং এবারও নিলেন ৫ উইকেট। এ নিয়ে ১৪তম ওয়ানডেতে তৃতীয়বারের মত ৫ উইকেট নিলেন তরুণ এই পেসার।

তবে, জিম্বাবুয়ের বিপক্ষে এই ফাইফারের খানিকটা গুরুত্ব আছে। আগের যে দুটি ফাইফার তিনি নিয়েছিলেন, ওই দুটিই ছিল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এবার নাহিদ ফাইফার নিলেন দেশের বাইরে, বিদেশের মাটিতে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের একের পর এক তোপের মুকে দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। এর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন নাহিদ রানা।

শুরুতে জিম্বাবুয়ে ব্যাটারদের ওপর ঝড় তোলেন তাসকিন আহমেদ। এরপর ব্যাটন নিজের হাতে তুলে নেন নাহিদ। একে একে তুলে নেন সর্বোচ্চ ২৬ রান করা ইনোসেন্ট কাইয়া, সিকান্দার রাজা (১), ওয়েসলি মাধভিরে (০), ক্লাইভ মাদান্দে (২), ব্র্যাড ইভান্সের (৩) উইকেট।

এ রিপোর্ট লেখার সময় স্বাগতিক জিম্বাবুয়ের রান ২৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪। ২৭ রান নিয়ে নিউম্যান নিয়ামহুরি ও রিচার্ড এনগারাভা ১৩ রান নিয়ে ব্যাট করছেন।

আইএইচএস/