নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪১ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। তবে সেটা তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ। ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। দুই ওপেনার তানজিদ হাসান তামিম, সৌম্য সরকারের সঙ্গে এর মধ্যে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্তও।

ইনিংসের দ্বিতীয় ওভারে ছক্কার চেষ্টায় সীমানায় নিউম‍্যান নিয়ামুরির চমৎকার ক‍্যাচ হয়ে ফেরেন তামিম। ৮ বলে ৬ রান করেন তিনি। এক ওভার পর ড্রেসিংরুমের পথ ধরেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও। অফ স্ট্যাম্পের বাইরে লেংথ বল দূর থেকেই খেলতে যান তিনি। সেটা ব্যাটের বাইরের কানায় লেগে বল উড়ে যায় ডিপ থার্ডে। সেটা তালুবন্দি করেন বেন কারান।

পরের ওভারে সৌম্যের বিদায়ে আরও বিপাকে পড়েছে বাংলাদেশ। এনগারাভার শর্ট ও অফ স্টাম্পের অনেক বাইরে করা ডেলিভারিতে জোরে কাট করতে যান সৌম্য। তবে বল ঠিকমতো টাইম করতে পারেননি। ব্যাটে লেগে বল চলে যায় ডিপ থার্ডে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। ৬ রান আসে তার ব্যাট থেকে।

এসকেডি/আইএইচএস/