প্রায় এক দশকের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের পরিকল্পনা করছেন পর্তুগিজ ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ।

ফুটবল দুনিয়ায় এখন এক বড় খবর নিয়ে তোলপাড় চলছে। আর তা হলো, বিশ্বকাপের পরেই বাগদত্তা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে চান পর্তুগিজ ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ সাময়িকী 'হোলা' ও পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যম 'জর্নাল দ্য মাদেইরা'–র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পরই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চান এই তারকা যুগল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরেই বিয়ের আয়োজন হতে পারে বলে দাবি করা হয়েছে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি রোনালদো বা জর্জিনা।

বিশ্বকাপের পরই কি বিয়ে?

মজার বিষয় হলো, বিশ্বকাপের পর বিয়ে করার ইচ্ছার কথা এই প্রথম বলেননি রোনালদো। এর আগেও 'হোলা!'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরই বিয়ে করতে চান।

শুধু তাই নয়, বিয়ের দিনটিকে আরও স্মরণীয় করে তোলার একটি স্বপ্নের কথাও শেয়ার করেছিলেন পর্তুগিজ মহাতারকা।

তিনি বলেছিলেন, ‘আমরা বিশ্বকাপের পর বিয়ে করব। আর আশা করি, বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি হাতে নিয়েই আমি আমার বিয়ের অনুষ্ঠান করব।’

রোনালদোর সেই মন্তব্য এখন নতুন করে আলোচনায় এসেছে। কারণ, সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে সেপ্টেম্বর মাসকে সম্ভাব্য বিয়ের সময় হিসেবে উল্লেখ করা হয়েছে।

জন্মভূমিতেই হতে পারে বিয়ে

প্রতিবেদন অনুযায়ী, বিয়ের জন্য রোনালদো ও জর্জিনা বেছে নিতে চান পর্তুগালের মাদেইরা দ্বীপকে। এটি রোনালদোর জন্মস্থান। সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রাল–এর নাম। আর বিয়ের সংবর্ধনা আয়োজন করা হতে পারে মাদেইরার একটি বিলাসবহুল হোটেলে।

রোনালদো আরও জানিয়েছেন, জর্জিনা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের চেয়ে ছোট, ব্যক্তিগত আয়োজন বেশি পছন্দ করেন। তাই তাঁদের বিয়েও হতে পারে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত আয়োজন।

যেভাবে শুরু হয়েছিল প্রেম

২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে প্রথম দেখা হয় রোনালদো ও জর্জিনার। সে সময় জর্জিনা সেখানে বিক্রয় সহকারী হিসেবে কাজ করতেন।

নেটফ্লিক্সের তথ্যচিত্র 'আই অ্যাম জর্জিনা'–তে সেই প্রথম দেখার স্মৃতি তুলে ধরে জর্জিনা বলেন, সেদিন তাঁর শিফট শেষ হওয়ার কথা ছিল বিকেল পাঁচটায়। কিন্তু এক সহকর্মীর অনুরোধে আরও আধা ঘণ্টা থেকে যান। ঠিক তখনই রোনালদো তাঁর সন্তান ও কয়েকজন বন্ধুকে নিয়ে দোকানে প্রবেশ করেন।

তীয় সাক্ষাৎ থেকেই শুরু হয় তাঁদের প্রেমের গল্প

জর্জিনার ভাষায়, ‘প্রায় দুই মিটার লম্বা, অসাধারণ সুদর্শন একজন মানুষ দোকানে ঢুকলেন। আমার বুকের ভেতর যেন প্রজাপতি উড়তে শুরু করল।’

এর কিছুদিন পর একটি অনুষ্ঠানে আবার দেখা হয় তাঁদের। সেখানেই দীর্ঘ সময় কথা বলেন দুজন। সেই দ্বিতীয় সাক্ষাৎ থেকেই শুরু হয় তাঁদের প্রেমের গল্প।

নয় বছরের সম্পর্ক, পাঁচ সন্তানের পরিবার

দীর্ঘ নয় বছরের সম্পর্কে বর্তমানে রোনালদো ও জর্জিনা পাঁচ সন্তানকে নিয়ে সুখী পরিবার গড়ে তুলেছেন। তাঁদের পরিবারে রয়েছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ ইভা ও মাতেও, আলানা মার্তিনা ও বেলা এসমেরালদা।

২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল একটি হীরার আংটির ছবি প্রকাশ করে বাগদানের ঘোষণা দেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আমার সব জীবনেও।’

রোনালদো ও জর্জিনা পাঁচ সন্তানকে নিয়ে সুখী পরিবার গড়ে তুলেছেন

এরপর থেকেই শুরু হয় তাঁদের বিয়ে নিয়ে জল্পনা। এখন সেই জল্পনাই আরও জোরালো হয়েছে। তবে সবকিছুই এখনও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত রোনালদো-জর্জিনার বিয়ের দিনক্ষণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে একটি বিষয় স্পষ্ট, রোনালদোর কাছে এখন সবচেয়ে বড় লক্ষ্য বিশ্বকাপ। আর যদি তাঁর স্বপ্ন পূরণ হয়, তাহলে হয়তো বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি হাতে নিয়েই জীবনের নতুন ইনিংস শুরু করবেন তিনি।

ছবি: ইন্সটাগ্রাম