১৬ বছর পর আবার বিশ্বকাপ জয়ের পুরস্কার পেল স্পেন। রোববার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেরদিন ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে শীর্ষে উঠে এলো স্পেন। সেই সঙ্গে বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা নেমে এসেছে দ্বিতীয় স্থানে। এ বছর জানুয়ারির পর এই প্রথম ফিফা র্যাংকিংয়ের শীর্ষে ফিরল স্পেন। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স ও ইংল্যান্ড। এদিকে ব্রাজিলের উন্নতি হয়েছে এক ধাপ। তারা উঠে এসেছে পঞ্চম স্থানে। আর বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসাবে মরক্কো এই প্রথম ষষ্ঠ স্থানে উঠে এলো। ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দশে একাধিক পরিবর্তন হয়েছে। বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে ছিটকে যাওয়া পর্তুগাল এক ধাপ উপরে উঠে অষ্টম স্থানে রয়েছে। নয় নম্বরে নেমে গেছে নেদারল্যান্ডস। আর চার ধাপ এগিয়ে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো উঠে এসেছে শীর্ষ দশে। জার্মানি নেমে গেছে দ্বাদশতম স্থানে।








