২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়েও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে মিশরকে। আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট শেষ হলেও দেশে ফিরে বীরের সম্মান পেয়েছেন দলটির ফুটবলাররা। এবার তাদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত ব্যবসায়ী খালাফ আহমেদ আল হাবতুর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক ঘোষণায় আল হাবতুর জানান, মিশর জাতীয় দলের পুরো প্রতিনিধিদলের প্রত্যেক সদস্যকে একটি করে মিতসুবিশি ব্র্যান্ডের গাড়ি উপহার দেওয়া হবে। এই উপহারের আওতায় শুধু খেলোয়াড়রাই নন, কোচিং স্টাফ, প্রশাসনিক কর্মকর্তা এবং মেডিকেল টিমের সদস্যরাও থাকবেন।

আল হাবতুর গ্রুপ জানায়, বিশ্বকাপে মিশর দলের সম্মানজনক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আহমেদ আল হাবতুরের নির্দেশনায় মিশর ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিশ্বকাপে দলের সম্মানজনক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জাতীয় দলের প্রতিনিধিদলের প্রত্যেক সদস্যকে একটি করে মিতসুবিশি গাড়ি উপহার দেওয়া হবে। এই সাফল্য লাখো মানুষকে আনন্দ দিয়েছে, মিশরের মর্যাদা উঁচু করেছে এবং সমগ্র আরব বিশ্বের হৃদয়ে গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।’

খালাফ আল হাবতুর বলেন, ‘আজ মিশরের আনন্দই সমগ্র আরব বিশ্বের আনন্দ। এই দল যা করেছে, তা পূর্ণ স্বীকৃতি পাওয়ার যোগ্য। আন্তর্জাতিক মঞ্চে যারা আরবদের পতাকা উঁচুতে তুলে ধরে, তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘এই উপহার আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক। আপনারা দেশকে গর্বিত করেছেন, সমর্থকদের আনন্দ দিয়েছেন এবং দৃঢ়তা, অধ্যবসায় ও শেষ বাঁশি পর্যন্ত লড়াই করার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। এই বিশ্বকাপে আপনারা প্রমাণ করেছেন, বিশ্বাস, দলগত ঐক্য এবং লড়াকু মানসিকতা সাফল্য এনে দেয়। আমি বিশ্বাস করি, মিশরীয় ফুটবলের সামনে আরও বড় অর্জন অপেক্ষা করছে।’

২০২৬ বিশ্বকাপে মিশর প্রথমবারের মতো বিশ্বকাপের একটি ম্যাচে জয় পায়, গ্রুপ পর্বে হারায় নিউজিল্যান্ডকে। এরপর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়াকে বিদায় করে ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় তুলে নেয়। যদিও শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে তাদের যাত্রা শেষ হয়, তবু এটাই দেশটির বিশ্বকাপ ইতিহাসের সেরা অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে।

আরআর/এমএমআর