বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের আকস্মিক বিদায়ের পর নিজের ফুটবল ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমারকে ছুটি দিয়েছে তার ক্লাব সান্তোস।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, ৩৪ বছর বয়সি এই ফুটবলারের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত।
সান্তোসের সঙ্গে তার চুক্তির আর মাত্র ছয় মাস বাকি থাকলেও, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর তিনি আদৌ আর পেশাদার ফুটবল খেলবেন কিনা, তা নিয়ে জোরালো সংশয় দেখা দিয়েছে।
সান্তোস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি কাটানোর পরেই নেইমারের ক্লাবে থাকার বা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্লাবটি বর্তমানে নেইমার এবং তার প্রতিনিধিদের পক্ষ থেকে একটি ‘সবুজ সংকেত’-এর অপেক্ষায় রয়েছে, যাতে তারা আলোচনায় বসতে পারে।
বর্তমানে নেইমার তার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে অন্তত ১০ দিন ছুটিতে থাকবেন।
গত রোববার (৫ জুলাই) নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই দলটির সবচেয়ে দ্রুততম বিদায়। এই ম্যাচের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ব্রাজিলের সর্বকালের এই সর্বোচ্চ গোলদাতা।
আবেগঘন কণ্ঠে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, আর এখানেই শেষ করলাম।’
উল্লেখ্য, ২০১০ সালে এই মাঠেই ব্রাজিলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল।
ক্লাব ক্যারিয়ারও কি শেষের পথে?
ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন নেইমারের বাবা, যা ইঙ্গিত করে যে নেইমার হয়তো ক্লাব ফুটবলকেও বিদায় জানানোর কথা ভাবছেন।
নেইমার সিনিয়র ইনস্টাগ্রামে লেখেন, ‘একজন বাবা হিসেবে আমার একটা অনুরোধ। নেই, ফুটবল খেলা চালিয়ে যাও। পায়ে বল নিয়ে সেই পুরোনো আনন্দটা আবার খুঁজে নাও। মাঠের বুকে আবার তোমার মুখে হাসি ফুটুক।’
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা এবং ইনজুরি সমস্যা সত্ত্বেও গত মে মাসে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিলেন।
আরও পড়ুনঃ বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট
চলতি বিশ্বকাপে দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন নেইমার এবং নরওয়ের বিপক্ষে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোলও করেন। তবে শেষরক্ষা হয়নি, আর সেই ম্যাচটিই এখন তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইল।
সূত্র: এনডিটিভি
The post বিশ্বকাপে ব্যর্থতার পর ফুটবল ক্যারিয়ার নিয়ে ভাবছেন নেইমার appeared first on ZoomBangla.







