মিশরের বিপক্ষে নকআউট লড়াইয়ের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারবেন না অভিজ্ঞ ফরোয়ার্ড ম্যাথিউ লেকি ও রাইটব্যাক জ্যাকব ইতালিয়ানো। ২৪ জনের দল নিয়েই টুর্নামেন্টের বাকি পথ পাড়ি দিতে হবে সকারুসদের।

চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা লেকি ‘ডি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান। সেই চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচেও তিনি খেলতে পারেননি। অন্যদিকে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামা ইতালিয়ানো অনুশীলনের সময় গ্রোইনে চোট পেয়েছেন। প্যারাগুয়ের বিপক্ষে তাঁকে পাওয়া যায়নি।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন লেখেছে, ‘জ্যাকব ইটালিয়ানো এবং ম্যাথিউ লেকি দুর্ভাগ্যবশত ইনজুরির কারণে বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারবেন না। ফুটবল অস্ট্রেলিয়া এবং সকারুস পরিবারের সবাই জ্যাকব ও ম্যাথিউর দ্রুত সুস্থতা কামনা করছে। একই সঙ্গে এই বিশ্বকাপ অভিযানে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছে।’

দুই খেলোয়াড়ের ছিটকে যাওয়ায় কোচ টনি পপোভিচের পরিকল্পনায় নিশ্চিতভাবেই বড় প্রভাব ফেলবে। শেষ ষোলতে উঠার লড়াইয়ে আগামী ৩ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় মোহাম্মদ সালাহর মিশরের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ম্যাচটি হবে ডালাস স্টেডিয়ামে।

লেকির মেলবোর্ন সিটির সতীর্থ ও অস্ট্রেলিয়ার ডিফেন্ডার আজিজ বেহিচ বলেন, ‘আমি তাঁর জন্য খুবই হতাশ। কিন্তু এটা ফুটবলেরই অংশ। সে আমাদের সবাইকে শুভকামনা জানিয়েছে এবং বলেছে, আমাদের পথচলা সে অনুসরণ করবে। এখানে এসে দলকে সাহায্য করতে সে সর্বোচ্চটা দিয়েছে।’

তবে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েও আত্মবিশ্বাস হারাচ্ছে না অস্ট্রেলিয়া। বেহিচ বলেন, ‘আমরা জানতাম আমাদের প্রথম লক্ষ্য ছিল গ্রুপ পর্ব পেরোনো, আর আমরা সেটা করতে পেরেছি। এখন এক ম্যাচ করে এগোতে হবে। এটা নকআউট ফুটবল, তাই পরিস্থিতি ভিন্ন। কিন্তু ছেলেরা সেটা জানে এবং আমরা শক্তি ও আত্মবিশ্বাসে ভরপুর।’