এবারের বিশ্বকাপে তিনটি উদ্বোধন আয়োজন ছিল তিন দেশে। যেখানে অংশ নিয়েছিল নামীদামি সব তারকা। ১৯ জুলাই ফাইনালেও থাকছে তারকাদের বিশেষ পারফরম্যান্স। যেখানে দেখা যাবে জনপ্রিয় ব্যান্ড বিটিএস থেকে জাস্টিন বিবার, শাকিরার মতো তারকাদের।

১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মাঠে গড়াবে বিশ্বকাপের ফাইনাল। ইএসপিএন জানিয়েছে, ফাইনালের হাফ টাইম শোতে অংশ নেবেন পপ তারকা বিবার। তাঁর সঙ্গে থাকছেন ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

জাস্টিন বিবার

বিবৃতিতে ফিফা জানিয়েছে, ফাইনালের বিরতিতে ১১ মিনিটের এই বিশেষ পরিবেশনা হবে। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে সাজানো এ আয়োজনের মূল উদ্দেশ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০ কোটি ডলার সংগ্রহ করা। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হবে।

বিটিএস

এ আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিবার। তিনি বলেন, ‘ফিফা বিশ্বকাপের মতো এমন আয়োজনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এর চেয়েও বড় বিষয় হলো, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের শিশুদের শিক্ষায় সহায়তা করা হচ্ছে।’
হাফ টাইম শোতে আরও পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয়, নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোরাস দল পিএস২২ কোরাস। কোরাসটির পরিবেশনায় যোগ দেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেও।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অফিশিয়াল থিম সং পরিবেশন করছেন শাকিরা ও বার্না বয়

চলতি বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’-এর অন্যতম শিল্পী বার্না বয়। এ আয়োজনে অংশ নেওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘ফিফা বিশ্বকাপ এমন কয়েকটি মুহূর্তের একটি, যা সত্যিকার অর্থেই পুরো বিশ্বকে এক করে দেয়। ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফ টাইম শোতে আফ্রিকার প্রতিনিধিত্ব করা আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্ব। আমি এই দায়িত্বকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।’

শাকিরার ‘ডাই ডাই’ গান গেয়ে ভাইরাল কে এই সিনথিয়া

ফিফা জানিয়েছে, সংগীতশিল্পীদের পাশাপাশি জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর কয়েকটি মাপেট চরিত্রও এ আয়োজনে অংশ নেবে। দর্শকেরা দেখতে পাবেন কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিকেও।


ইএসপিএন