স্পেনের ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি জড়ালেন ম্যানচেস্টার সিটির সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। লাপোর্তেকে উদ্দেশ্য করে কড়া ভাষায় বার্তা দিয়েছেন তিনি। শুধু সমালোচনাই নয়, তাদের ম্যানচেস্টার সিটিতে একসঙ্গে খেলার স্মৃতিও মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, বাস্তবে মুখোমুখি হলে লাপোর্তে নাকি ভিন্ন আচরণ করেন।

সম্প্রতি লাপোর্তে স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন, ‘শেষ কয়েকটি ম্যাচে আমরা এমন কিছু দেখেছি, যা আমাদের বিস্মিত করেছে।’

যদিও ঠিক কোন বিষয়টি তাকে বিস্মিত করেছে, তা স্পষ্ট করেননি। তবে অনেকেরই বুঝতে কষ্ট হয়নি, আর্জেন্টিনার প্রায় প্রতি ম্যাচের পর রেফারিং বিতর্ককে ইঙ্গিত করেছেন তিনি। ফলে লাপোর্তে এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

এর জবাবেই আগুয়েরো বলেন, ‘সে কী করছে? মনে রাখুক, আমরা একসঙ্গে ম্যানচেস্টার সিটিতে খেলেছি। সে বলছে, শেষ কয়েকটি ম্যাচে এমন কিছু দেখেছে যা তাকে অবাক করেছে। কিন্তু কী এমন জিনিস তাকে অবাক করেছে?’

এরপর আরও কঠোর সুরে তিনি যোগ করেন, ‘শোনো, উসকানিমূলক আর বিতর্কিত চরিত্রের অভিনয় কোরো না। কারণ সামনাসামনি দেখা হলে তুমি কিন্তু পিছিয়ে যাও!’

আগুয়েরোর এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক সমর্থক এটিকে লাপোর্তের মন্তব্যের জোরালো জবাব হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন, বিশ্বকাপ ফাইনালের আগে দুই পক্ষের কথার লড়াই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ম্যানচেস্টার সিটিতে একসময় সতীর্থ থাকা আগুয়েরো ও লাপোর্তের মধ্যে এমন প্রকাশ্য বাকযুদ্ধ ফুটবল ভক্তদের মধ্যেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরআর/এমএমআর