নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাককর্মী সাদিয়া আক্তার হত্যার মামলায় পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পিবিআই’র পরিদর্শক মিন্টু কুমার।
তিনি জানান, ১২ জুলাই মিজমিজি বাতেন পাড়ায় পোশাককর্মী সাদিয়া আক্তারকে হত্যা করা হয়। এ মামলায় তথ্য-প্রযুক্তির সাহায্যে পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানকে ২১ জুলাই ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের বিক্রি করা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
সাদিয়া আক্তার হত্যাকাণ্ডের ৪ ঘণ্টার মধ্যে তার সাবেক স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। স্বামী ইব্রাহিমের সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাককে স্বামী পরিচয় দিয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন সাদিয়া আক্তার। বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান প্রেমিক আব্দুর রাজ্জাক।








