ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সোমবার বোমা হামলার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‍“ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে।”

মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রশাসনের সহযোগিতায় হামলা হয়েছে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে করা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য উপদেষ্টা বলেন, “এটি একটি রাজনৈতিক বক্তব্য। এ ধরনের বক্তব্য দেওয়ার অধিকার সংশ্লিষ্ট নেতার রয়েছে। তবে, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের কাছ থেকে আরো দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশিত।”

তিনি বলেন, “ঘটনার ২৪ ঘণ্টাও পার হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে কারো বিরুদ্ধে অভিযোগ করা সমীচীন নয়। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, “কোনো রাষ্ট্রের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার এসব ঘটনাকে কতটা গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। বর্তমান সরকার এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আন্তরিক এবং তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।