ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বর থেকে বিজয়নগর উপজেলার বুধন্তী পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা থেকে যানজট শুরু হয়। চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী, পরিবহণ শ্রমিক ও মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ভারি বৃষ্টির মধ্যে সরাইলের বৈশামুড়া এলাকায় একটি পণ্যবাহী লরি ও একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রায় এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলেও এর আগেই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভর বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গর্ত আরও বিপজ্জনক হয়ে ওঠে।
সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশে সড়কের গর্তে পণ্যবাহী যানবাহন বারবার আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।








