২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। এর মধ্য দিয়ে বিশ্বকাপের প্রায় এক শতাব্দীর ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছে দিদিয়ের দেশমের দল।
বিশ্বকাপ ইতিহাসে টানা তিন বা তার বেশি আসরে সেমিফাইনালে ওঠার নজির এর আগে ছিল কেবল জার্মানি ও ব্রাজিলের। এবার সেই অভিজাত তালিকায় নাম লিখিয়েছে ফ্রান্স।
ফ্রান্সের এই ধারাবাহিকতা শুরু হয় ২০১৮ বিশ্বকাপে। রাশিয়ায় অনুষ্ঠিত সেই আসরে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় লে ব্লু। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে আবারও ফাইনালে ওঠে তারা, যদিও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে রানার্স-আপ হতে হয়। আর ২০২৬ বিশ্বকাপে মরক্কোকে হারিয়ে আবারও শেষ চার নিশ্চিত করল ফরাসিরা।
বিশ্বকাপে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে সেমিফাইনালে ওঠার রেকর্ড জার্মানির। তারা তিনটি ভিন্ন সময়ে এই কীর্তি গড়েছে—১৯৬৬ থেকে ১৯৭৪, ১৯৮২ থেকে ১৯৯০ এবং ২০০২ থেকে ২০১৪। এর মধ্যে ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত টানা চারটি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল জার্মানি, যা এখনো বিশ্বকাপের ইতিহাসে অনন্য।
অন্যদিকে ব্রাজিলও দুই দফায় টানা তিনটি করে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। প্রথমবার ১৯৭০ থেকে ১৯৭৮ এবং দ্বিতীয়বার ১৯৯৪ থেকে ২০০২ সালের মধ্যে।
এবার সেই গৌরবময় তালিকায় যোগ হলো ফ্রান্সের নাম। টানা তিনটি বিশ্বকাপে শেষ চারে উঠে তারা প্রমাণ করেছে, আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক সাফল্যের দিক থেকে বর্তমান সময়ের অন্যতম সেরা দল তারাই।
এখন সেমিফাইনালে জয় পেলেই টানা দ্বিতীয়বারের মতো এবং ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ পাবে ফরাসিরা।
আরআর/এমএমআর








