বিশ্বকাপের নকআউট পর্বের বাঁচা-মরার লড়াইয়ে কিছুক্ষণ পরই মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। শেষ বত্রিশের এই ম্যাচ ঘিরে টেক্সাসের হিউস্টনে যেমন উত্তাপ, তার বড় একটা ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। জাপানের ডাগআউটে থাকা প্রধান কোচের কারণে তৈরি হয়েছে ভিন্ন এক রোমাঞ্চ। ব্রাজিলের বিপক্ষে কৌশল যিনি সাজাচ্ছেন, সেই জাপানি কোচ হাজিমে মোরিয়াসুর নামের পাশে জড়িয়ে আছে বাংলাদেশ।

খেলেয়াড়ি জীবনে নব্বইয়ের দশকে মোরিয়াসু ছিলেন জাপানের অন্যতম সেরা রক্ষণাত্মক মিডফিল্ডার। ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের বাছাইপর্বে ফুটবলার হিসেবে তিনি মাঠে নেমেছিলেন বাংলাদেশের বিপক্ষে। ১৯৯৩ সালের এপ্রিল মাসে সেই বাছাইপর্বের দুই লেগেই জাপানের শুরুর একাদশে ছিলেন তিনি।

প্রথম লেগে ঘরের মাঠে বাংলাদেশকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল জাপান। সেই ম্যাচে মাঝমাঠ সামলেছিলেন মোরিয়াসু। দারুণ খেলে রক্ষণের পাশাপাশি আক্রমণেও রাখেন অবদান। ফিরতি লেগে দুবাইয়ের মাঠে বাংলাদেশকে ৪-১ ব্যবধানে হারানোর ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলেন সাবেক এই মিডফিল্ডার। খেলোয়াড়ি জীবনের তিন দশক পর, ২০২৩ সালেও প্রধান কোচ হিসেবে বাংলাদেশ দলের বিপক্ষে ডাগআউটে দাঁড়িয়েছিলেন তিনি।

জাপানের হয়ে ৩৫ ম্যাচ খেলা মোরিয়াসু গোল করেন মাত্র একটি। খেলোয়াড়ি জীবনের স্মৃতি পেছনে ফেলে কোচ হিসেবেও সফল মোরিয়াসু ২০১৮ সাল থেকে জাপানের ডাগআউট সামলাচ্ছেন। ২০২২ বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে তাক লাগিয়ে দেওয়া এই কোচ জাপানি ফুটবলে এনেছেন শৃঙ্খলা ও আধুনিকতা। বর্তমানে ২০২৬ বিশ্বকাপের তাঁর কৌশলই জাপানের মূল শক্তি। গ্রুপ এফ রানার্সআপ হয়ে তারা পা রেখেছে শেষ বত্রিশে।