‘লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ গোলটা কিন্তু দিয়ে ফেলেছেন!’ এ টুকু শুনলেই হয়তো পিলে চমকাবে আর্জেন্টিনা সমর্থক, বিশেষ করে লিওনেল মেসি সমর্থকদের। মন্তব্যটি করেছেন বাংলাদেশের তরুণ রাজনীতিক তাসনিম জারা, রসিকতার ছলে।

‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ বুঁদ এখন বিশ্ব। বাংলাদেশও পিছিয়ে নেই সেই উদ্‌যাপনে। দেশের আনাচে-কানাচে সব জায়গায় এখন আলোচনার বিষয়বস্তু একটাই- বিশ্বকাপ। চায়ের কাপে কিংবা পাড়ার ক্লাবে অথবা কর্মস্থলে- সব জায়গায় কথা-আড্ডা জমে উঠছে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্কে আর রসিকতায়।

সেই স্রোতে পিছিয়ে নেই তরুণ রাজনীতিক তাসনিম জারাও। গতকাল রোববার তিনি তাঁর ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

জারা তাঁর পোস্টে লিখেছেন, ‘আপনারা কি একটা গভীর বিষয় খেয়াল করেছেন? লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ গোলটা কিন্তু দিয়ে ফেলেছে!

বিশ্বাস হচ্ছে না? একটু অঙ্কের হিসাব মেলান:

প্রথম ম্যাচে গোল: ৩টা

পরের ম্যাচে গোল: ২টা

সর্বশেষ ম্যাচে গোল: ১টা”

তাসনিম জারা তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘তাহলে সমান্তর ধারার সূত্র অনুযায়ী পরের ম্যাচে গোল কয়টা হবে? ঠিক ধরেছেন, ০! আর তার পরের ম্যাচে? -১! মানে অঙ্কের নিয়ম অনুযায়ী মেসি এরপর আত্মঘাতী গোল করতে বাধ্য! এরপরও যদি পরের ম্যাচে মেসি গোল করে, তাহলে পুরো বিশ্ব নিশ্চিত হবে যে রেফারি এবং ফিফা মিলে গোপনে প্রশ্নফাঁস করেছে!’

জারা তাঁর পোস্টের শেষে লিখেছেন, ‘পুনশ্চ: পোস্টে সার্কাজম লিখে দেয়ার পরেও যারা সার্কাজমটা ধরতে পারেননি: মেসির পারফরম্যান্স লজিকে মেলানো যায় না। আর যারা তার অর্জনকে “স্ক্রিপ্টেড” বলে, তাদের যুক্তির কোনো আগামাথা নেই। এই পোস্টটি মূলত সেইসব অবাস্তব লজিক নিয়েই একটি রম্য লেখা!’