নকআউট পর্বের প্রথম পরীক্ষায় সফল হয়েছে ব্রাজিল। কঠিন লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ পার করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ, শেষ ১৬-র বাঁধা।
বাংলাদেশ সময় ৫ জুলাই রাত ২টায় অনুষ্ঠিত হবে ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচ। তবে এখনো নিশ্চিত হয়নি তাদের প্রতিপক্ষ। মঙ্গলবার রাতে আইভরিকোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দলই মুখোমুখি হবে সেলেসাওদের।
নকআউট পর্বে ওঠা দলগুলোর সম্ভাব্য পথও এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে। শেষ ষোলোর ম্যাচ জিততে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে আসতে পারে শক্তিশালী ইংল্যান্ড। তবে ইংল্যান্ড যদি নিজেদের ম্যাচে হেরে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো, ইকুয়েডর কিংবা ডিআর কঙ্গোর যেকোনো একটি দল।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলে সেমিফাইনালে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ফলে শিরোপার পথে এগোতে হলে সেলেসাওদের সামনে অপেক্ষা করছে একের পর এক কঠিন পরীক্ষা।
জাপানের বিপক্ষে জয় দিয়ে নকআউট অভিযান শুরু করেছে ব্রাজিল। এখন সেই ধারাবাহিকতা ধরে রেখে শেষ আটে জায়গা করে নেওয়াই কাসেমিরোদের পরবর্তী লক্ষ্য।








