টানা ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও তীব্র যানজটের কারণে সারা দেশে জনজীবন বিপর্যস্ত হওয়ায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৩ জুলাই) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে টানা ভারী বৃষ্টিপাত ও সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিচু সড়ক ও এলাকা পানিতে তলিয়ে দীর্ঘ যানজট ও চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতেই হিমশিম খাচ্ছেন। এমন এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও গত ২ জুলাই থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা দেশব্যাপী (চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত) অব্যাহত রাখা হয়েছে, যা কোনোভাবেই কাম্য বা যুক্তিসঙ্গত নয়।

পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়ে দলটি বলেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্তের প্রতি গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের সকল শিক্ষা বোর্ডের অধীন চলমান পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের জোর দাবি জানাচ্ছে।

গত ১২ জুলাই ২০২৬ বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলাসমূহে পরীক্ষা স্থগিত ঘোষণা করলেও দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নিবন্ধিত ১২ লাখেরও বেশি পরীক্ষার্থীর অধিকাংশের পরীক্ষা যথারীতি চলমান রয়েছে।

ফলে প্রতিদিন জলাবদ্ধ সড়ক, তীব্র যানজট ও প্রতিকূল আবহাওয়া অতিক্রম করে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হচ্ছে। শুধু আগেভাগে বের হওয়ার পরামর্শ বা ট্রাফিক নির্দেশনা দিয়ে দায়িত্ব শেষ করা যায় না; বরং এটি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অযৌক্তিক ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার শামিল।

এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত বলেন, “একজন শিক্ষার্থীর জীবনের নিরাপত্তার চেয়ে পরীক্ষার সময়সূচি রক্ষা করা কখনোই বড় হতে পারে না। সারা দেশ যখন বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত, তখন লাখো পরীক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে কেন্দ্রে যেতে বাধ্য করা দায়িত্বশীল আচরণ নয়। দেশে প্রায় প্রতি বছরই বর্ষা মৌসুমে পরীক্ষার্থীদের জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হয়। এ বাস্তবতায় পরীক্ষার্থীদের ভোগান্তির স্থায়ী সমাধানে পরীক্ষা গ্রহণের সময়কাল বর্ষা মৌসুমের পরিবর্তে অনুকূল সময়ে নির্ধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। অন্যথায় প্রতি বছর সিদ্ধান্তহীনতা ও দোদুল্যমানতা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে বাড়তি উৎকণ্ঠা ও মানসিক চাপ সৃষ্টি করবে, যা তাদের পরীক্ষার প্রস্তুতি ও স্বাভাবিক ফলাফলের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি মনে করে, দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীদের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। তাই বৃষ্টি ও জলাবদ্ধতাজনিত এই পরিস্থিতিতে দেশব্যাপী চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা অবিলম্বে স্থগিত ঘোষণা এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষার্থী ও অভিভাবকদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিয়ে সমন্বিত ও যৌক্তিক নতুন সময়সূচি প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।”