বর্ষাকাল মানেই ঝরো বাতাস, মেঘলা আকাশ আর টানা বৃষ্টি। এই সময় বাইক বা স্কুটার চালাতে যেমন বাড়তি সতর্কতা প্রয়োজন, তেমনি প্রয়োজন নিয়মিত যত্নও। কারণ বৃষ্টির পানি, কাদা ও আর্দ্রতা ধীরে ধীরে বাহনের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। ফলে কমে যেতে পারে পারফরম্যান্স, এমনকি স্থায়িত্বও। তবে বৃষ্টির দিনে বাইক কিংবা স্কুটারের যত্নে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখলে ভালো থাকবে আপনার শখের যানবাহনটি।
রাইড শেষে বাইক পরিষ্কার করুন
বৃষ্টির দিনে রাস্তায় থাকা কাদা, ধুলা ও ময়লা সহজেই বাইকের বিভিন্ন অংশে জমে যায়। তাই প্রতিবার রাইডের পর পরিষ্কার পানি দিয়ে বাইক ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতে মরিচা ধরার ঝুঁকি কমবে।

চেইনের যত্ন নিন
বৃষ্টির পানিতে চেইনের লুব্রিকেশন দ্রুত নষ্ট হয়ে যায় এবং মরিচা ধরতে শুরু করে। তাই প্রতিবার রাইডের পর চেইন ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন এবং বাইকের জন্য নির্ধারিত চেইন লুব্রিক্যান্ট ব্যবহার করুন। এতে চেইন মসৃণ থাকবে এবং দ্রুত ক্ষয় হবে না।
নিয়মিত ব্রেক চেক করুন
পানি ও কাদায় ব্রেকের কার্যক্ষমতা কিছুটা কমে যেতে পারে। তাই নিয়মিত ব্রেক প্যাড ও ডিস্ক চেক করুন। ব্রেকে কোনো অস্বাভাবিকতা বা স্লিপ অনুভব করলে দ্রুত সার্ভিসিং করান।
ইঞ্জিন ও ইলেকট্রিক পার্টস সুরক্ষিত রাখুন
বাইক পার্ক করার সময় অবশ্যই ভালো মানের ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করুন। বিশেষ করে ইঞ্জিন, ব্যাটারি ও অন্যান্য বৈদ্যুতিক সংযোগে যেন বৃষ্টির পানি না ঢোকে, সেদিকে খেয়াল রাখুন।

টায়ার গ্রিপ ও প্রেশার চেক করুন
ভেজা রাস্তায় নিরাপদে চলার জন্য টায়ারের গ্রিপ খুবই গুরুত্বপূর্ণ। টায়ারের ট্রেড পর্যাপ্ত আছে কি না, তা নিশ্চিত হোন । পাশাপাশি সপ্তাহে অন্তত ২-৩ বার টায়ারের প্রেশার চেক করুন।
মাডগার্ড ব্যবহার করুন
মাডগার্ড বা বাইক ম্যাট ব্যবহার করলে কাদা ছিটকে বাইক ও চালকের গায়ে কম লাগে। এতে বাইক পরিষ্কার থাকে এবং চালানোর সময়ও স্বস্তি পাওয়া যায়।

ফুয়েল ট্যাঙ্ক পূর্ণ রাখুন
ফাঁকা ফুয়েল থাকলে ট্যাংকের ভেতরে কনডেনসেশন হয়ে পানি জমতে পারে, যা ইঞ্জিনের জন্য ক্ষতিকর। তাই বৃষ্টির দিনে ট্যাংক অর্ধেকের বেশি ভর্তি রাখার চেষ্টা করুন।
বর্ষাকালে বাইক চালানো যতটা উপভোগ্য, ততটাই চ্যালেঞ্জিং। একটু বাড়তি যত্ন এবং সচেতনতা আপনার বাইককে দীর্ঘদিন ভালো অবস্থায় রাখতে সাহায্য করবে। এই মৌসুমে বাইকের প্রতি যত্নশীল হোন, নিরাপদে চালান, আর বৃষ্টির সৌন্দর্য উপভোগ করুন।
ছবি: পেকজেলসডটকম








