বৃষ্টির কারণে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হচ্ছে না। আজ বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
রোববার (১২ জুলাই) সকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিটার মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানিয়েছেন। ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির এ বিষয়ে একমত বলে জানানো হয়েছে।
জমির উদ্দিন সরকারের জানাজা তিন দফায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথমে ধানমন্ডির তাকওয়া মসজিদে, সুপ্রিম কোর্টে এবং পরে জাতীয় সংসদ ভবনের সামনে। কিন্তু বৃষ্টির কারণে সুপ্রিম কোর্টে তার জানাজা বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আধাবেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ থাকবে। একই সঙ্গে আজ আপিল বিভাগের চেম্বার জজ কোর্টের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ
রোববার ভোররাতে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুঁলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুই দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এফএইচ/বিএ








