সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দুর্ভোগ নেমেছে জনজীবনে। দেখা দিয়েছে বন্যা। রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

রোববারও (১২ জুলাই) দেশের আট বিভাগেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রবণতা সোমবার (১৩ জুলাই) থেকে কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই ঢাকায় তুমুল বৃষ্টি। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষজন। ঢাকায় দিনভরই থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ (৭৬ থেকে শতভাগ অঞ্চল) জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

তবে সোমবার (১৩ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অর্থাৎ সোমবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশেই বৃষ্টি হয়েছে। ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। 

অন্যদিকে, রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলো জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে- রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরএমএম/এসএনআর