চলছে বর্ষাকাল। আষাঢ় মাসের ২৮ তারিখ আজ। নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে সপ্তাহজুড়ে ঢাকাসহ দেশের সব জেলায় বৃষ্টি হচ্ছে।
শনিবার (১১ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি রোববার (১২ জুলাই) সকালেও কমেনি। বরং ভোর থেকে টানা মুষলধারে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন নগরীর কর্মজীবী মানুষরা।
ঢাকার বিভিন্ন এলাকার সড়ক পর্যন্ত পানি উঠে গেছে। ড্রেন উপচে ময়লা পানি জমে আছে কোথাও কোথাও। সকাল থেকে যানবাহন চলাচলও কম। ফলে ভোগান্তি বেড়েছে কয়েকগুণ।
আরও পড়ুন
৩ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি, থেমে থেমে হতে পারে আরও
মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১২, কালশীসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দিনের শুরুতেই দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।
গণপরিবহন সংকটের কারণে বিভিন্ন গন্তব্য যেতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। মিরপুর-১২ থেকে পূরবী পর্যন্ত সুয়ারেজ লাইনের কাজ চলছে। ফুটপাতসহ প্রধান সড়কেও কাজ চলছে। যাত্রীদেরকে তাই প্রধান সড়কের মাঝামাঝি এসে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
ধানমন্ডি-২৭ যাবেন বিশ্ববিদ্যালয় ছাত্রী সুস্মিতা। তিনি বলেন, ৪০ টাকা দিয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে হয়েছে, বৃষ্টির অজুহাতে ভাড়া ২০ টাকা বেশি নিয়েছে। এখন বাসের জন্য অপেক্ষা করছি। এছাড়া বাড্ডা, উত্তরাগামী বাসগুলো কম চলাচল করছে।
আরও পড়ুন
ভারী বৃষ্টিতে রাস্তায় পানি, রিকশা ভাড়া দ্বিগুণ
গুলশানে যাবেন চাকরিজীবী মিনহাজ। দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করেন তিনি। তবে বাস না পেয়ে রাইড শেয়ারিং গাড়িতে গন্তব্যের দিকে রওয়ানা হন।
আরেক যাত্রী বলেন, বৃষ্টি মানেই অফিসগামী যাত্রীদের ভোগান্তি। রিকশা, সিএনজি, বাস কিছুই পাওয়া যায় না। পাওয়া গেলে তিনগুণের বেশি টাকা খরচ করতে হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এসএম/এসএনআর








