সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টি রাজধানীতে অফিসগামী যাত্রীদের জন্য বড় দুর্ভোগ তৈরি করেছে। বিভিন্ন সড়ক ডুবে গিয়ে যান চলাচল প্রায় থমকে গেছে।

ভরা বর্ষায় কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছিল। গতকাল শনিবার মধ্যরাত থেকে শুরু হয় অবিরাম বর্ষণ। আজ সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতটা বৃষ্টি এই মৌসুমে আর হয়নি।

‘এমন বৃষ্টি ঢাকায় কখনো দেখিনি,’ এ কথাই বলছিলেন কাজীপাড়ায় নিজের গাড়ি নিয়ে আটকে পড়া আসিফ হোসেন।

রাজধানীতে ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

অফিসের কাজে নারায়ণগঞ্জে যেতে সকালে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি। কিন্তু সাড়ে ৭টার দিকে কাজীপাড়ায় এসে ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি অচল হয়ে যায়।

তিন ঘণ্টা ধরে সেখানে বসে থাকা আসিফ হোসেন বলেন, ‘এখন সামনে আগাতে পারছি না। বাসায় ফিরে যাব, সেই অবস্থাও নেই।’

কাজীপাড়ায় ওপর দিয়ে মেট্রোরেল চলাচল করলেও সড়কের কোথাও কোথাও হাঁটুপানি জমেছে। ফলে গণপরিবহনসংকট দেখা দিয়েছে।

মো. শিমুল বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করছিলেন কাজীপাড়ায়। ৪০ মিনিট অপেক্ষা শেষে তিনি বলেন, ‘কখন আসে বলতে পারি না। অপেক্ষা করতে হবে।’

কাজীপাড়া পেরিয়ে শেওড়াপাড়া ও আগারগাঁওয়েও একই চিত্র। সড়কে কোথাও কোথাও পানি, আর বৃষ্টিভেজা মানুষের অপেক্ষা।

ডুবে যাওয়া সড়কে চলছে একটি বাস। আজ রোববার সকালে রাজধানীর কাজীপাড়ায়

আগারগাঁও এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন সায়রা বেগম নামের এক নারী। তিনি মহাখালী যাবেন। কিন্তু এক ঘণ্টা ধরে দাঁড়িয়েও কোনো গাড়ি পাচ্ছিলেন না।

সায়রা বেগম বলেন, ‘অসহনীয় অবস্থায় আছি। মহাখালী অফিস। পৌঁছাতে পারব কি না, জানি না।’

শেওড়াপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম জানান, বৃষ্টিতে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের শেওড়াপাড়া শাখা-৩–এর সামনের প্রধান সড়ক ও আশপাশের অলিগলি পানিতে ডুবে গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করেছে।

রাত থেকে অঝোর বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ