টানা দশ ঘণ্টায় রেকর্ড ১৯০ মিলিমিটার বৃষ্টিপাতে যশোরের নিম্নাঞ্চলে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বর্ষণে যশোর শহর, শহরতলীসহ গোটা জেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
ভেঙে পড়েছে শহরের অধিকাংশ এলাকার ড্রেনেজ ব্যবস্থা। পানি প্রবেশ করেছে নিচু এলাকার ঘরবাড়িতে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টায় মোট ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা এই ভারী বর্ষণের ফলেই তলিয়ে যায় শহরের নিচু এলাকাগুলো।
সরেজমিনে দেখা গেছে, শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার রাস্তা এখন পানির নিচে। অনেক সড়কেই হাঁটু পর্যন্ত পানি। এছাড়াও পুকুর, মাঠ-ঘাট ও পতিত জমি পানিতে ডুবে গেছে। আবার কোথাও কোথাও বৃষ্টির পানিতে মানুষকে মাছ ধরতেও দেখা গেছে।
শহরের টিবি ক্লিনিক এলাকা, খড়কি এলাকার শাহ আবদুল করিম সড়ক, ধর্মতলা রোড, আপন মোড়, চারখাম্বার মোড় মোড়, মুজিব সড়কের রেলগেট এলাকা, নাজির শংকরপুর, খড়কি রূপকথা মোড়, বেজপাড়া চিরুনিকল মোড়, মিশনপাড়া, আরবপুর, বিমানবন্দর সড়ক, শংকরপুর চোপদারপাড়া ও স্টেডিয়ামপাড়ার সড়কসহ বিভিন্ন সড়কের অধিকাংশ সড়কেই পানি জমেছে।

রেকর্ড বৃষ্টিতে শহরের অধিকাংশ রাস্তায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা
শহরের টিবি ক্লিনিক এলাকার রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জলাবদ্ধতা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। জনপ্রতিনিধিদের অনেকেই আশ্বাস দেন আগামীতে এ সমস্যা আর থাকবে না। কিন্তু তাদের দেওয়া কথা তারা রাখেন না।’
শহরের শংকরপুর এলাকার বাসিন্দা নাসরিন আক্তার বলেন, গোটা এলাকায় পানি জমে গেছে। অনেকের ঘরে পানি উঠে গেছে। ফলে রান্না খাওয়া বন্ধ হয়ে গেছে। কখন পানি নামবে, সেই আশায় বসে আছি।
শহরের স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল মজিদ বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই স্টেডিয়ামের মেইন গেটের সামনে জলাবদ্ধতা তৈরি হয়। তবে আজকে আপন মোড় থেকে শুরু করে পৌর হকার্স মার্কেট পর্যন্ত পানিতে একাকার হয়ে গেছে।’
শহরের খড়কি এলাকার বাসিন্দা আজগর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ড্রেনগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। আর ড্রেনগুলোকে নাগরিকরা ডাস্টবিনে পরিণত করেছে। এগুলো নিয়মিত পরিষ্কারও করা হয়নি। ফলে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং সরেজমিনে দেখা গেছে, কেবল বৃষ্টি নয়, এই জলাবদ্ধতার পেছনে মূল কারণ শহরের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। শহরের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য সরাসরি ড্রেনে ফেলার কারণে ড্রেনগুলো ভরাট হয়ে গেছে। অনেক জায়গায় ড্রেনের নিচে নদীর মতো পলি জমে আছে। আবর্জনার স্তূপের কারণে বৃষ্টির পানি স্বাভাবিক গতিতে নামতে পারছে না। কোথাও অর্ধেক, আবার কোথাও সম্পূর্ণ ড্রেন ময়লা ও পানিতে ঠাসা। শহরের বেশ কিছু এলাকায় ড্রেনেজব্যবস্থা একেবারেই অপরিকল্পিত। ফলে বৃষ্টির পানি নামতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে এবং কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে থমকে গেছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারছেন না।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ বলেন, পৌরসভা থেকে প্লাবিত এলাকাগুলো পৌর প্রশাসকের নেতৃত্বে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি দ্রুতই পানি নেমে যাবে। মেডিকেল কলেজের পাশে একটি সরু ড্রেন রয়েছে। কিন্তু সেটাকে সম্প্রসারিত করতে দেয়নি এলাকাবাসী। ওই ড্রেনটা সম্প্রসারণ করা হলে এ সমস্যা আর থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
মিলন রহমান/এসজেডএইচ/জেআইএম








