বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মুখে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের সামগ্রিক অর্থনীতিতে। এ অবস্থা উত্তরণে ব্যবসা পরিচলন ব্যয় হ্রাস, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সরকারী সেবাপ্রাপ্তির প্রক্রিয়া অটোমেশন প্রবর্তন, ব্যাংক ঋণের সুদের হার হ্রাস ও এলসি খোলার প্রক্রিয়া সহজীকরণ করাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জোর দিতে হবে। শনিবার ধানমন্ডি কনভেনশন হলে ঢাকা চেম্বার আয়োজিত মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এসব কথা বলেন। সভায় ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ১৫টি ব্যবসায়ী সমিতির নেতারা সমস্যা তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন ডিসিসিআই’র সভাপতি তাসকীন আহমেদ। সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নীতি বিভাগ) মাহমুদুন নবী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) তারেক জুবায়ের এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বিশেষ অতিথি ছিলেন।

ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের ব্যবসায়ীরা অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও প্রশাসনিক জটিলতা, কর ও ভ্যাটসংক্রান্ত অস্পষ্টতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয়গুলো তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে পণ্য পরিবহণ খরচ বৃদ্ধি এবং শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের বিক্রয় বা টার্নওভার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, যা সামগ্রিক ব্যবসা প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আরও বলেন, বাজেটে উৎসে করকে অগ্রিম কর হিসাবে গণ্য করা, শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর হ্রাস, সিএমএসএমই খাতের উন্নয়নে পাঁচ হাজার কোটি টাকা এবং পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল কর কাঠামো ঘোষণা ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে। তবে, রাজস্ব আহরণে বড় লক্ষ্যমাত্রা এবং বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংক ঋণনির্ভরতা বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত করছে যা বিনিয়োগ পরিবেশের জন্য উদ্বেগের বিষয় বলে জানান তাসকীন আহমেদ।

দক্ষিণ সিটি কপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, ট্যাক্স লাইসেন্সসহ সিটি করপোরেশনের অন্যান্য সেবাপ্রাপ্তিতে জনগণের হয়রানি কমাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ফলে সময় ও অর্থ দুটোরই অপচয় রোধ হবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, চাঁদাবাজির হয়রানি প্রতিরোধে বাংলাদেশ পুলিশের পক্ষ হতে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত রয়েছে। যানজট নিরসনে রাজধানীর বেশ কয়েকটি সড়কে ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নগরবাসীকে স্বস্তি দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নীতি বিভাগ) মাহমুদুন নবী বলেন, মার্কিন ডলার ও রিভার্জ সংকটের কারণে স্থানীয় ব্যবসায়ীরা এলসি সম্পন্নের প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে, সেই সাথে খেলাপি ঋণের উচ্চ হারের কারণে আমাদের ব্যাংক ঋণের সুদের হার হ্রাস পাচ্ছে না, যা উদ্যোক্তাদের ব্যবসা পরিচালন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।