ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক নারীকে (১৮) অপহরণ করে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইমন মিয়ার বিরুদ্ধে নবীনগর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেছেন ভুক্তভোগী।
অভিযুক্ত ইমন মিয়া (২৪) উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে ড্রেজার রফিকের ছেলে। ভুক্তভোগী ওই নারীর স্বামী প্রবাসে থাকেন।
পুলিশ, স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ৮ জুলাই সকালে পার্শ্ববর্তী বাজারে যাওয়ার পর হিন্দু ধর্মালম্বী ওই নারী নিখোঁজ হয়। তার বাবা নবীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয়দের দাবি, নিখোঁজের তিন দিন পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) নবীনগর সদরের সমবায় মার্কেট সংলগ্ন ভবনের চতুর্থ তলা থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগীর অভিযোগ, ৮ জুলাই শাহপুরে ফেরার পথে ইমন মিয়া তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তাকে অচেতন করে নবীনগর সদরের একটি ভবনের চতুর্থ তলায় আটকে রাখা হয়। সেখানে তিন দিন ধরে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় শনিবার (১১ জুলাই) রাতে ভুক্তভোগী নবীনগর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, নারী অপহরণ ও ধর্ষণের মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








