দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিশেষায়িত চিকিৎসার মান উন্নয়ন, আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি সক্ষমতার সমন্বয় ঘটাতে একগুচ্ছ সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল করপোরেট মডেলে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর চারটি বেসরকারি হাসপাতালের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে চিকিৎসাসেবা পরিচালনার প্রস্তুতিও চলছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের ‘হেলদি বাংলাদেশ’ কর্মসূচির আওতায় এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে। সরকারি মালিকানা ও নীতিগত নিয়ন্ত্রণ বহাল রেখেই বেসরকারি খাতের দক্ষতা, প্রযুক্তি ও ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে আরো কার্যকর, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ পরিকল্পনার মূল লক্ষ্য।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে বিএমইউর ৭৫০ শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। হাসপাতালটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ এবং সরকারের ১০ শতাংশ শেয়ার থাকবে। তবে হাসপাতালের মালিকানা পুরোপুরি সরকারের কাছেই থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
হাসপাতালটিকে আন্তর্জাতিক মানের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আদলে ওয়ান-স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে হৃদরোগ, কিডনি, লিভার, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং ট্রমা চিকিৎসার জন্য পাঁচটি বিশেষায়িত সেন্টার স্থাপন করা হবে। এসব সুবিধা চালু হলে কিডনি ও লিভার প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে। এতে রোগীদের চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।
হাসপাতাল পরিচালনায় দক্ষ জনবল নিশ্চিত করতে প্রচলিত সরকারি নিয়োগব্যবস্থার পরিবর্তে চুক্তিভিত্তিক নিয়োগ কাঠামো অনুসরণ করা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ জন্য বিএমইউ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মন্ত্রিসভা সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে। নতুন আইনি কাঠামোর আওতায় বিশ্ববিদ্যালয় প্রয়োজনে লাভজনক কিংবা অলাভজনক কোম্পানি গঠন এবং সেসব প্রতিষ্ঠানে শেয়ার ধারণ করতে পারবে।
এদিকে সরকারি স্বাস্থ্যসেবার ওপর চাপ কমাতে এবং বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রথম ধাপে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, শমরিতা হাসপাতাল লিমিটেড, ইমপালস হাসপাতাল এবং সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালকে পিপিপি কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি হাসপাতালের সঙ্গে প্রাথমিক আলোচনা ও প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, যেসব বিশেষায়িত চিকিৎসাসেবা সরকারি হাসপাতালে পর্যাপ্তভাবে দেওয়া সম্ভব হয় না, সেগুলো নির্ধারিত চুক্তির আওতায় বেসরকারি হাসপাতাল থেকে ক্রয় করা হবে। পরে সেই সেবা সাধারণ রোগীদের জন্য সরকার নির্ধারিত ব্যবস্থায় নিশ্চিত করা হবে। এতে নতুন হাসপাতাল নির্মাণ ছাড়াই বিদ্যমান বেসরকারি স্বাস্থ্য অবকাঠামোকে আরো কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য খাতের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৬৫ শতাংশ স্বাস্থ্যসেবা বেসরকারি খাতের মাধ্যমে দেওয়া হয়। আবার মোট চিকিৎসা ব্যয়ের প্রায় ৭০ শতাংশই রোগীদের নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়। অন্যদিকে অনেক বেসরকারি হাসপাতালের শয্যা ও চিকিৎসা সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত থাকে। সরকারের ধারণা, পিপিপি ব্যবস্থার মাধ্যমে এই অব্যবহৃত সক্ষমতাকে জনস্বার্থে ব্যবহার করা গেলে তুলনামূলক কম ব্যয়ে স্বাস্থ্যসেবার পরিধি ও মান দুই-ই বাড়ানো সম্ভব হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, বিশেষায়িত হাসপাতাল পরিচালনায় করপোরেট ব্যবস্থাপনা কার্যকর হতে পারে। তবে বেসরকারি হাসপাতাল থেকে সেবা কেনার ক্ষেত্রে কোন সেবা কেনা হবে, কীভাবে মূল্য নির্ধারণ করা হবে এবং কীভাবে সেবার মান ও জবাবদিহি নিশ্চিত করা হবে এসব বিষয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা জরুরি। একই সঙ্গে হাসপাতাল পরিচালনা ও তদারকির জন্য একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা গঠনেরও পরামর্শ দেন তিনি।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল সরকারি হাসপাতাল হিসেবেই থাকবে, তবে এর পরিচালনা হবে আধুনিক করপোরেট ব্যবস্থাপনায়। সাধারণ মানুষের নাগালের মধ্যে চিকিৎসা ব্যয় রাখতে সরকারই সেবার মূল্য নির্ধারণ করবে। একই সঙ্গে পিপিপি ব্যবস্থায় বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে স্বচ্ছ ও জবাবদিহিমূলক চুক্তির ভিত্তিতে চিকিৎসাসেবা পরিচালনা করা হবে।








