জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রোববার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান বিচারপতি তার নিজের, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী এবং সংসদীয় গণতন্ত্রের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি দক্ষতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের সংসদীয় গণতন্ত্রকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আরও পড়ুন
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্ট আধাবেলা বন্ধ
মো. আসাদুজ্জামান বলেন, দীর্ঘ কর্মময় জীবনে তিনি দেশের রাজনীতি, আইনাঙ্গন এবং সংসদীয় কার্যক্রমে যে অবদান রেখে গেছেন, জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। আমি মহান আল্লাহ-তাআলার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
রোববার ভোররাতে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুঁলিয়া থানার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুই দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এফএইচ/বিএ








