ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) নিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাবি শাখা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ফুয়াদ এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রবিবার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিশ্ববিদ্যালয়কে নিয়ে ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্য দেন। সংগঠনটির দাবি, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশজুড়ে অনলাইন ও অফলাইনে ব্যাপক নিন্দার সৃষ্টি হয়েছে।
ছাত্রদলের অভিযোগ, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও ডাকসুর পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি বা পদক্ষেপ নেওয়া হয়নি। বরং শিক্ষার্থীদের দৃষ্টি অন্যদিকে সরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে নিয়ে একের পর এক ‘মিথ্যাচার’ করা হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিতর্কিত ওই অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদকে আমন্ত্রণ জানানো এবং পরবর্তী সময়ে নীরব থাকা ডাকসুর ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।








