বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান সময়ের সংঘাতময় ঘটনা নিয়ে লিখিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষারের গবেষণামূলক বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ (Bangladesh After A Gory Dawn) প্রকাশিত হয়েছে।  

আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান আমাজনের কিন্ডেল প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়।

রোববার (২৮ জুন) থেকে বিশ্বের বিভিন্ন দেশে আমাজনের ওয়েবসাইট থেকে ই-বুক ও পেপার বুক অর্ডার করা যাচ্ছে। ই-বুকের দাম ৯.৯৯ ডলার ও পেপার বুকের দাম ১৯..৯৯ ডলার।

বইটিতে স্বাধীনতা পরবর্তী সময়ের বিভীষিকাময় ঘটনা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী ও দেশের সাবেক দুইজন প্রেসিডেন্টকে নির্মমভাবে হত্যা, স্বৈরাচার এরশাদের ক্ষমতা গ্রহণ ও পতন নিয়ে আলোচনা করা হয়েছে গল্পের আকারে। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কীভাবে একজন গৃহবধূ থেকে রাজনীতির শীর্ষ স্থানে উঠে এলেন তার বর্ণনা রয়েছে বইটিতে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থান-পতন নিয়েও আলোচনা রয়েছে।বইটিতে বিচার বহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন, ও ২০২৪ সালের জুলাই-আগস্টের ব্যাপক ছাত্র বিক্ষোভ ও গণহত্যার বর্ণনার রয়েছে বিস্তারিতভাবে।

বইটিতে অন্তবর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ব্যাপকভাবে সমালোচনা হয়েছে যৌক্তিক কারণ দেখিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার কেন উদ্যোগ নিয়েও জুলাই বিপ্লবে সংঘটিত গণহত্যার মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) করেনি সেই বর্ণনা করা হয়েছে তথ্য-প্রমাণ দিয়ে।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বইটিতে।

প্রবাসী জীবন কাটিয়ে তারেক রহমান কীভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন সেই আলোচনাও করা হয়েছে বইটিতে।

জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সংগঠনটির ছাত্র-নেতারা কীভাবে দেশব্যাপী চাঁদাবাজি ও অপরাধে নিমজ্জিত হয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিলেন তার বর্ণনা রয়েছে বইটিতে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে কেন প্রত্যাশিত ফল করতে ব্যর্থ হয়েছে তার বর্ণনা রয়েছে বিস্তারিতভাবে।

বইটির লেখক ব্যারিস্টার সোলায়মান তুষার বলেন, ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ একটি বাস্তবধর্মী গবেষণামূলক বই। স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান রক্তাক্ত সময়ের ঘটনাবহুল ঘটনাগুলোই স্থান পেয়েছে বইটিতে। চলার পথে যা দেখেছি ও পড়েছি তাই নিজের মতো করে বর্ণনা করেছি। অনেক অজানা তথ্য রয়েছে বইটিতে। পাঠকরা বইটি পড়ে অনেক অজানা তথ্য জানতে পারবেন।

এফএইচ/জেএইচ