চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় মেডিসিন, নিউট্রিশন, গাইনোকলজি ও ডার্মাটোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। পাশাপাশি প্রেসক্রিপশন অনুযায়ী শিক্ষার্থীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে দেওয়া হয়।

চিকিৎসাসেবা নিতে আসা রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘ক্যাম্পাসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পাওয়ায় শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা চালুর দাবি জানান।’

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চিকিৎসাসেবার পাশাপাশি এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন আয়োজন প্রশংসনীয়।

চবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন দেড় হাজার ছাত্রী

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, ‘গতানুগতিক ছাত্ররাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের কল্যাণে চাকসুর এ ধরনের উদ্যোগ ইতিবাচক। এটি ছাত্রীদের স্বাস্থ্যসেবা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. একেএম ফজলুল হক বলেন, ‘আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাসপাতালের সমঝোতার আওতায় শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।’

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে চাকসু ধারাবাহিকভাবে কাজ করছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।’

উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমএমআরআর/কেজে/জেআইএম