ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের (জুলাই-ডিসেম্বর সেশন) পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত আবেদন ফরম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জনতা ব্যাংক, টিএসসি শাখায় ১ হাজার টাকা জমার মূল রসিদ, সকল পরীক্ষার নম্বরপত্র ও সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং গবেষণার একটি রূপরেখা (Synopsis) জমা দিতে হবে। এসব কাগজপত্র সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক, বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত হতে হবে।
বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভর্তি আবেদনের আগে ডিগ্রির সমতা (Equivalence) নির্ধারণ করতে হবে। এছাড়া আবেদনপত্রে কোনো তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ভর্তির যোগ্যতা হিসেবে প্রার্থীকে এমফিল ডিগ্রিধারী হতে হবে অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও ১ বছর মেয়াদি মাস্টার্স অথবা ৩ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি এবং ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সিজিপিএ পদ্ধতির ক্ষেত্রে মাধ্যমিক/সমমান থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫ অথবা ৪-এর মধ্যে ৩.০০ সিজিপিএ অর্জন করতে হবে।
এছাড়া, স্বীকৃত মানের জার্নালে প্রকাশিত কমপক্ষে দুটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদের আবেদনকারীদের ক্ষেত্রে অন্তত একটি গবেষণা প্রবন্ধ একক লেখক হিসেবে প্রকাশিত হতে হবে।
যেসব প্রার্থী ৩ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও ১ বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রিধারী, তাদের ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা হিসেবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে দুই বছরের গবেষণা-সংক্রান্ত কাজের অভিজ্ঞতা কিংবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
পিএইচডি প্রোগ্রামে ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।








