রাজধানীর কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে মাহাতাব পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলো মো. তাহসিন (১০) ও মো. ওয়াজিদ (১১)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
আহতদের চাচা মো. সাগর জানান, সকালে তিনি মোটরসাইকেলে করে তাহসিন ও তার চাচাতো ভাই ওয়াজিদকে আজিমপুরে তাদের স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকার মাহাতাব পাম্পের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজনই আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক বলেন, কামরাঙ্গীরচরের বেড়িবাঁধ এলাকা থেকে ট্রাকের ধাক্কায় আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দুজনের অবস্থাই গুরুতর।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পরে কামরাঙ্গীরচর থানা পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে।
কেএজেডআইএ/এসএনআর








