রাজধানীর চকবাজার এলাকা থেকে পুলিশের একটি লুণ্ঠিত পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে লালবাগ কেল্লার মোড় সংলগ্ন জলাপট্টি এলাকার একটি পলিথিন কারখানা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।র‍্যাব জানায়, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে ডিএমপির শ্যামপুর থানা থেকে লুণ্ঠিত হয়েছিল।র‍্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জলাপট্টি এলাকায় কাজল মিয়া নামের এক ব্যক্তির ৩ তলা ভবনের নিচতলায় অভিযান চালায়। সেখানে একটি পলিথিন কারখানার মেশিনের নিচে সাদা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় পিস্তলটি পাওয়া যায়। পরে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায় যে, এটি পুলিশের লুণ্ঠিত সরকারি অস্ত্র।র‍্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) তপন সরকার জানান, উদ্ধার করা পিস্তলটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।/