হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন হয়েছে। আদালত বাদীর জবানবন্দি নিয়ে এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

রোববার (৫ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আবেদনটি করেন হামে মারা যাওয়া নয় মাস বয়সী শিশু সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বলেন, আদালত আবেদনকারীর জবানবন্দি রেকর্ড করেছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

মামলার আবেদনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন জানানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদর উপজেলার নয় মাস বয়সী সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হয়। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২২ মার্চ মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের অবহেলার অভিযোগও আনা হয়েছে। আবেদনে বলা হয়, এক পর্যায়ে শিশুটির মায়ের হাতে অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দিয়ে সেটি শিশুর মুখে লাগাতে বলা হয়। তিনি তা করতে না পারলে পরে একজন সুইপারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। এর প্রায় দুই ঘণ্টা পর শিশুটি মারা যায়।

আবেদনে আরও দাবি করা হয়েছে, সময়মতো হামের টিকা সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত না করা, চিকিৎসা ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি এবং সংশ্লিষ্টদের অবহেলার কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। সাউদা মুসকানের মৃত্যু সেই ঘটনারই অংশ বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ কারণে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার আবেদন জানানো হয়েছে।

এর আগে, একই ধরনের অভিযোগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঢাকার আদালতে দায়ের করা একাধিক মামলার আবেদন খারিজ হয়েছিল।

এমডিএএ/এএমএ