রাজধানীর গুলশানে প্রায় ২০ কাঠা জমির ওপর অবস্থিত একটি একতলা বাড়ির মালিক উধাও হয়ে গেছেন। দীর্ঘদিন তার কোনো খোঁজ নেই। বাড়ির ভেতরে ১১টি উন্নত জাতের বিদেশি কুকুর দীর্ঘদিন ধরে অর্ধাহারে অনাহারে কঙ্কালসার অবস্থায় আটকে রয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে গুলশান থানার অফিসার ইনচার্জে মো. দাউদ হোসেন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা সেখানে যাচ্ছি। প্রয়োজনে কুকুরগুলো উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন খাবার না পেয়ে কুকুরগুলো কঙ্কালসার হয়ে পড়েছে। বাড়ির ভেতরে তদারকির দায়িত্বে থাকা এক শ্রমিক কুকুরগুলোকে মুড়ি খেতে দিলেও কুকুরগুলো খাচ্ছে না। বাড়ির সামনে চত্বরে ছোটাছুটি করছে। বাড়িটির মূল ভবনের পাশাপাশি কিচেন, গার্ড শেড ও সার্ভেন্টস কোয়ার্টার রয়েছে।
স্থানীয়দের ধারণা, মালিক পালিয়ে যাওয়ার পর পরিত্যক্ত মূল্যবান বাড়ি ও জমি কোনো নতুন ভূমিদস্যু চক্র অবৈধভাবে দখলের পাঁয়তারা করছে।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে রবিবার সকাল থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বাড়িটির সামনে জড়ো হয়ে খবর জানার চেষ্টা করছেন এবং কুকুরগুলোকে উদ্ধার করে সেবা দেওয়া যায় কিনা আলোচনা করছেন। তারা পুলিশকে বিষয়টি জানিয়েছেন।







