নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে জিসান (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার ইউনুছ ওরফে ইনু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল ফালাহ নামে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক ও স্থানীয় মসজিদের ইমাম কাওছার আহমেদের নেতৃত্বে একদল লোক জিসানকে মারধর করে। নিহতের পরিবারের দাবি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে জিসানকে বাসা থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে পরিবারের কাছে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় জিসানকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে এই ঘটনার পর নিহতের স্বজন ও বন্ধুরা লাঠিসোঁটা নিয়ে এলাকায় ভাঙচুর চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাওছার আহমেদ বলেন, “জিসানের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। শনিবার (৪ জুলাই) নতুন করে ছিনতাইয়ের ঘটনা ঘটলে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।” ঘটনার পর একটি ভিডিওতে কাওছার আহমেদকে উত্তেজিত ভাষায় জনতাকে উসকানি দিতে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান জানাতে শোনা গেছে।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।ওসি বলেন, “কেউ অপরাধ করলে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”/