রাজধানীর চকবাজার এলাকার একটি পলিথিন কারখানা থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০।
আজ রোববার র্যাব-১০-এর সহকারী পরিচালক তপন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তপন সরকার জানান, গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে চকবাজারের লালবাগ কেল্লার মোড়সংলগ্ন জলাপট্টি এলাকায় অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই করে র্যাব জানতে পারে, ২০২৪ সালের ৫ আগস্টের সহিংসতার সময় রাজধানীর শ্যামপুর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।







