পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় মেশিন চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদুল হক (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকার একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় এমদাদুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
ভাটারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রিল মিস্ত্রির মৃত্যু
এমদাদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী বিপ্লব জানান, আজ সন্ধ্যার দিকে ওই প্লাস্টিক কারখানায় মেশিন চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন এমদাদুল। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত এমদাদুল হকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বর্তমানে চকবাজারের সোয়ারীঘাট এলাকায় থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এমএমকে








