জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ থেকে গাইবান্ধার বালাশীঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের দাবিতে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।শহরের সকাল বাজার এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বাহাদুরাবাদ ও বালাশীঘাটের মধ্যে সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার কমে যাবে। এতে যাতায়াত ব্যবস্থা ও সময় সাশ্রয়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আসবে।বক্তারা আরও উল্লেখ করেন, সরকার বাজেটে যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের যে প্রস্তাবনা রেখেছে, তা যেন জনস্বার্থ বিবেচনা করে বাহাদুরাবাদঘাট ও বালাশীঘাট রুটেই বাস্তবায়ন করা হয়।সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, নেতা মাহবুবুর রহমান জিলানী, যুবদল নেতা শাহাদাত হোসেন সাগরসহ স্থানীয় আরও অনেকে।
রাজনীতি
বাহাদুরাবাদ-বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে বিশাল শোভাযাত্রা

শেয়ার করুন







