লক্ষ্মীপুরে ‘চাকরি করব না’ বলায় সোহাগ নামে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে। কর্মস্থলে দেরিতে আসায় ক্ষিপ্ত হয়ে ঘটনাটি ঘটান দোকান মালিক কবির হোসেন। সোমবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার একটি মিষ্টির দোকানে এ ঘটনা ঘটে। আহত সোহাগ ওই এলাকার আব্দুল মালেকের ছেলে ও শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারের মার্কেটিং অফিসার। আহত সোহাগ বলেন, সমস্যা থাকায় দোকানে আসতে আমার দেরি হয়। এ নিয়ে কবির আমাকে উলটাপালটা কথা বলে। পরে আমি চাকরি করব না বলি। এ সময় কবির তার ভাতিজা ও এক কর্মচারী মিলে আমাকে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটায়। আমার হাত-পায়ের গিরায় গিরায় মারাত্মক আঘাত করেছে তারা। সোহাগের বাবা আব্দুল মালেক বলেন, অভিযুক্ত কবির হোসেন বলেন, সোহাগ প্রতিদিনই কাজে দেরিতে আসে। কারণ জানতে চাইলে সে চাকরি করবে না বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মেরেছি। ওসি ওয়াহিদ পারভেজ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।