বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২২ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা গ্রহণ করা হবে। এর আগে গত ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, কেবল তারাই এই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। গত ৬ জুলাই এনরোলমেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ নির্দেশনা দিয়ে বার কাউন্সিল জানিয়েছে, লিখিত পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক সব প্রার্থীকে অবশ্যই নির্ধারিত ওয়েবলিংক ব্যবহার করে অনলাইনে নিজ নিজ ফরম পূরণ এবং প্রোফাইল সাবমিট করতে হবে।

নির্ধারিত লিংকে প্রোফাইল সাবমিট না করলে কোনো প্রার্থীর জন্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ইস্যু করা হবে না।