অবশেষে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা, ২০২৫ (সংশোধিত) অনুযায়ী গঠিত ১১ সদস্যের কমিটিতে প্রযোজক সরদার সানিয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি রয়েছেন।

কমিটিই হয়নি, আটকে আছে চলচ্চিত্রের অনুদান

কমিটির সভাপতির দায়িত্বে থাকছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চলচ্চিত্র)।

কমিটিতে আরও রয়েছেন—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।

এর আগে ২ জুলাই প্রথম আলোতে ‘কমিটিই হয়নি, আটকে আছে চলচ্চিত্রের অনুদান’ শিরোনামে প্রকাশিত সংবাদে বলা হয়, জুনের মধ্যে চলচ্চিত্রে সরকারি অনুদান ঘোষণার চল থাকলেও কমিটি না হওয়ায় জুলাই মাসেও ২০২৫–২৬ অর্থবছরের অনুদান ঘোষণা করতে পারেনি সরকার। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে অনুদান কমিটির ঘোষণা এল।