বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলনবিল। এ বিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। দেশের পর্যটন খাতকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে সরকার নানা উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর ও দোবিলা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, চলনবিল আমাদের জাতীয় সম্পদ। চলনবিলের পর্যটন খাতকে নতুন রূপে সাজাতে প্রধানমন্ত্রীর নির্দেশে পরিদর্শনে এসেছি। চলনবিল অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন স্থান ও এলাকা পুরাকীর্তিতে ভরপুর। শুধু তাই নয়, এই বিলের জীব-বৈচিত্র্য দেখা ও জানার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম দ্রুতই শুরু করা হবে বলে তিনি স্থানীয়দের আশ্বাস দেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামীমুজ্জামান, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এম এ মালেক/কেএইচকে/এএসএম








