বরিশালের গৌরনদীতে দাবীকৃত দুই লাখ টাকা চাঁদা না পেয়ে ফল ব্যবসায়ী জালাল রাঢ়ীর ডিসিআর করা চান্দিনা ভিটি দখল করে বাঁশের বেড়া দিয়ে রাখার অভিযোগ উঠেছে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী সিমা বেগম বাদি হয়ে মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সজল সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ সরদারকে অভিযুক্ত করে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ব্যবসায়ীর স্ত্রী সিমা বেগম বলেন, আমার স্বামী জালাল রাঢ়ী গত ১৫ বছর আগে উপজেলা ভূমি অফিস থেকে ডিসিআর (লিজ) নিয়ে মাহিলাড়া বাজারের একটি চান্দিনা ভিটিতে গোডাউন নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। সরকারি বিধিমোতাবেক প্রতিবছরই ওই চান্দিনা ভিটির লিজের টাকা উপজেলা ভূমি অফিসে রাজস্ব খাতে দিয়ে নবায়ন করে আসছেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৩ সালে দোকান ঘরটি ভেঙে ফেলা হলে সেসময় তা পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। সম্প্রতি সেখানে নতুন করে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় বিএনপি নেতা সজল সরকার, জাফর ইকবাল ও বায়েজিদ সরদার দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হলে অভিযুক্তরা তাদের সহযোগীদের নিয়ে খুঁটি ও বাঁশের বেড়া দিয়ে ভিটিটি দখল করে রাখেন।

এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগের পাশাপাশি উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে। অভিযুক্তদের ভয়ে আমার স্বামী প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চান না বলেও সিমা বেগম উল্লেখ করেন।

বাজারের ইজারাদার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সজল সরকার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বায়েজিদ সরদার চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ওই চান্দিনা ভিটিতে বাজারের গভীর নলকূপ স্থাপন করে প্রায় ২০ ফুট দূরত্বে সরিয়ে নলকূপের হেড বসানো হয়েছে। তাই ডিসিআর বাতিলের জন্য বাজারের ইজারাদারের পক্ষ থেকে এসিল্যান্ডের কাছে আবেদন করা হয়েছে। কেউ যাতে ওই ভিটিতে ঘর তুলতে না পারে সেই জন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পাউবোর জমি দখল করে বিএনপি নেতাদের বহুতল ভবন-দোকানঘর

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল বলেন, ঢাকা থেকে বাড়িতে গেলে জানতে পারি চান্দিনা ভিটি নিয়ে জালাল রাঢ়ী ও বাজারের ইজারাদার সজল সরকারের মধ্যে বিরোধ চলছে। বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষকে ডাকা হলে জালাল রাঢ়ী আমার ডাকে সাড়া দেয়নি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, মাহিলাড়া বাজারের ওই চান্দিনা ভিটিটি ডিসিআর নেওয়ার জন্য একাধিক ব্যক্তি আবেদন করেছিলেন। ওই চান্দিনা ভিটিটি জালাল রাঢ়ীর নামে আগেই ডিসিআর ছিল। তাই চলতি বছরেও তার (জালাল) নামেই নবায়ন করে দিয়েছি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাওন খান/এসজেডএইচ/এএসএম