চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনার প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে পাঁচ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুরানবাজার ঘাটসংলগ্ন মোহনায় এ দুর্ঘটনা ঘটে। তবে কার্গোতে থাকা মাঝি-মাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। কার্গোটির চালক এরশাদ মাঝি জানান, মঙ্গলবার পাবনা থেকে তিন হাজার ৫০০ বস্তা চাল এবং এক হাজার ৫০০ বস্তা ধান নিয়ে ‘পারব’ নামের কার্গোটি চাঁদপুরের উদ্দেশে যাত্রা করে। বুধবার সকালে পুরানবাজার ঘাটের কাছাকাছি পৌঁছলে তিন নদীর মোহনায় তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গোটি উলটে পানিতে ডুবে যায়। পরে উলটে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর তীরে নিয়ে ভিড়িয়ে রাখা হয়। চাঁদপুর চেম্বারের পরিচালক ও চাল ব্যবসায়ী সমিতির সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া ধান ও চাল পুরানবাজারের সাতজন ব্যবসায়ীর মালামাল। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।