চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর শাখা মরা পদ্মা বিলে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকায় মারা যায় তারা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া শিশুরা হলো- চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।
স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার দুপুরে একসঙ্গে পাঁচ শিশু মরা পদ্মা বিলে গোসল করতে নামে। এক পর্যায়ে একে একে শিশুরা ডুবে যেতে থাকে। স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পান। এরপর স্থানীয়দের সহায়তায় পাঁচ শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওস) একরামুল হোসাইন জানান, পাঁচ শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”








