ভোলা চরফ্যাশনে তালাকপ্রাপ্ত স্ত্রীর কথিত পরকীয়া প্রেমিকের হামলায় আহত হয়েছেন প্রবাসী মো. ইয়াসিন। চরফ্যাশন আদালত ভবনের সামনে ইট দিয়ে মাথায় আঘাত করায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে তিনি হামলার অভিযোগ তুলে ধরেন। এর আগে গত শনিবার বিকালে এ হামলার ঘটনা ঘটে। ইয়াসিন চরফ্যাশন উপজেলার চরকলমি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমোঙ্গল গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন ইয়াসিন জানান, একটি মামলার কাজে তিনি শনিবার বিকালে চরফ্যাশন আদালতে যান। সেখানে গিয়ে তিনি তার তালাকপ্রাপ্ত স্ত্রী শারমিন ও তার কথিত পরকীয়া প্রেমিক মঞ্জুকে একসঙ্গে বসে থাকতে দেখেন। এ সময় মঞ্জু তাকে লক্ষ্য করে গালাগাল শুরু করেন। পরে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শারমিন মঞ্জুর হাতে একটি ইট তুলে দেন। এরপর ওই ইট দিয়ে মঞ্জু তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আদালত প্রাঙ্গণে থাকা আইনজীবী ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চরফ্যাশন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হিরন বলেন, ঘটনাটি আমার সামনেই ঘটেছে। মঞ্জুই ইয়াসিনকে মারধর করেছে এবং ইট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত মঞ্জুর বক্তব্য জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।








