চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় ছুরিকাঘাতে শাহীন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক কারবারি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম মাদারবাড়ি ১ নম্বর গলির আব্দুল সালাম মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহীন পশ্চিম মাদারবাড়ির ইয়াসিন গলি (মোগলটুলি) এলাকার বাসিন্দা। তিনি মৃত নুরুল হকের ছেলে।

আরও পড়ুন

মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাত এক ব্যক্তি শাহীনের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নুরুল আশেক বলেন, আহত অবস্থায় শাহীনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত শাহীন খুচরা পর্যায়ে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। ছুরিকাঘাতকারী সন্দেহভাজন ব্যক্তিও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে তথ্য পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ মোহাম্মদ নাজমুন নূর এবং পশ্চিম মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নাছির উদ্দিন।

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত।

এমআরএএইচ/এমআরএম